Sylhet Today 24 PRINT

‘৮ বছর ধরে জাতিসংঘে শিশু অধিকার বিষয়ক কোনো প্রতিবেদন জমা দেয়নি সরকার’

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সমন্নয়ক শাফিয়া সামি বলেন, জাতিসংঘের শিশু অধিকার কমিটির কাছে বাংলাদেশ সরকারের পক্ষে ২০১৫ সাল থেকে শিশু বিষয়ক কোনো প্রতিবেদন জমা দেয়া হয়নি। যার ফলে শিশু অধিকার পরিস্থিতির উন্নতি করার জন্য বাংলাদেশকে জাতিসংঘের ওই কমিটি সমাপনী পর্যবেক্ষণ প্রতিবেদন দেয়নি।

গত ৮ বছর ধরে এই বিষয় নিয়ে কথা বলার মতও কেউ নেই। এ থেকে প্রমাণিত হয় শিশুর অধিকার নিয়ে বাংলাদেশ সরকার কতটা উদাসীন। বর্তমানে বাংলাদেশের শিশুর অনেকটা সংকটময় পরিস্থিতিতে আছে। শিশুদের প্রতি অবহেলার কারণে শিশু শ্রম, বাল্যবিবাহে আমরা বিশ্বের অনেক দেশ থেকে এগিয়ে। বাল্যবিবাহে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে। গৃহকর্মী যে শিশুরা আছে সে শিশুদের সাথে এমন কোনো নির্যাতন নেই যেটা করা হয় না।  এমনকি গত দুই বছরে বাজেটেও শিশুদের নিয়ে কোনো বরাদ্দ রাখা হয়নি।

রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর.ডব্লিউডি) এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএফ) এর যৌথ আয়োজনে ‘‘জাতিসংঘের শিশু অধিকার সনদের আওতায় প্রতিবেদন প্রণয়ন বিষয়ক পরামর্শ” সভায় এসব বলে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সমন্নয়ক শাফিয়া সামি।

শাফিয়া সামি আরও বলেন, জাতিসংঘের শিশু অধিকার সনদ কত সালে প্রণীত হয় ১৯৮৯ সালের ২০ নভেম্বর। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের আগে ১৯৭৪ সালে শিশু আইন তৈরি করেন বাংলাদেশে। শিশুদের সুরক্ষায়, শিশু অধিকার রক্ষায় বিগতদিনেও বাংলাদেশে অনেক কাজ হয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের চিত্র ভিন্ন। দায়িত্বশীলরা শিশুদের নিয়ে যে কাজগুলো করছেন সেটা দায়সারাভাবে।

শনিবার (১৮ নভেম্বর) নগরীর উপশহরের সিলেট এনজিও ফোরামের হল রুমে আইন ও সালিশ কেন্দ্রের অর্থায়নে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন জিও, এনজিও, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জৈন্তা ছিন্নমূল সংস্থার নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক। বিশেষ অতিথি ছিলেন  সিলেট  মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামছুন্নাহর, এনজিও ফোরাম সিলেটের এরিয়া ম্যানেজার খন্দকার মশিউর রহমান, এফআইবিডিবি সিলেটের সমন্বয়ক মো. আজিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা আরডাব্লিওডি এর প্রকল্প কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম রশিদ। পরামর্শ সভায় বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন ও সমন্বয় করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সমন্নয়ক শাফিয়া সামি।

সভার প্রধান অতিথি সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক বলেন, জাতিসংঘের আগে আমাদের দেশে শিশুদের নিয়ে আইন হয়েছে। আইনি কাঠামোর মধ্যেই আমরা শিশুদের নিয়ে কাজ করছি। শিশুদের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে বিচার বিভাগ, পুলিশ বিভাগ, সমাজসেবা অফিস ও মহিলা অধিদপ্তর সরাসরি কাজ করছে। এর পাশাপাশি সরকারি আরও বেশ কিছু দপ্তর শিশুদের নিয়ে কাজ করছে। কিন্তু এসব সংস্থা, প্রতিষ্ঠানের কাজে কিছুটা সমন্বয়হীনতা আছে। আমাদের শিশুদের সুরক্ষার জন্য সবার মধ্যে সমন্বয় দরকার। আমরা ফিল্ড লেভেল থেকে শিশু সুরক্ষা প্রতিবেদন নিয়মিত পাঠাই। এখন রাষ্ট্র যদি জাতিসংঘে প্রতিবেদন না পাঠায় তাহলে সেই দায় রাষ্ট্রকে নিতে হবে।

পরামর্শ সভায় বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে শিশু  অধিকার ব্যবস্থাপনা (পৃথককমিশন/অধিদপ্তর,বাজেট,জন্মনিবন্ধন), শিশুদের বিরুদ্ধে সহিংসতা, প্রচলিত চর্চা(বাল্য বিয়ে), শিক্ষা,স্বাস্থ্য ও বিনোদনের অধিকার, শিশু শ্রম, কিশোর বিচার ব্যবস্থা, জলবায়ু ন্যায্যতা, রোহিঙ্গা শিশু, শিশু  অধিকার সংক্রান্ত আইন ও চুক্তিসমূহে আলোকপাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.