Sylhet Today 24 PRINT

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ সারাবিশ্বে প্রশংসিত : ডা.এহতেশামুল হক চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৬

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. এহতেশামুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ সারাবিশ্বে প্রশংসিত। এই স্বাস্থ্য ব্যবস্থাকে পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থার সাথে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে একজন ভালো টেকনোলজিস্ট নয় বরং একজন ভালো মানুষ হতে হবে। যে দেশের আলো বাতাসে বড় হয়েছো, সেই দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। এদেশের গরীব জনগোষ্টির দোড় গোড়ায় হাসিমুখে স্বাস্থ্যসেবা পৌছে দিতে হবে। আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থার নবীন কর্মী হিসেবে আভির্ভুত হয়েছে আজকের শিক্ষার্থীরা।

ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি, সিলেট-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি, সিলেট-এর অধ্যক্ষ ডাঃ মোঃ নাছির উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও প্রভাষক ডা. মোঃ মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. গৌর মনি সিংহা, সিলেটের সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, ডা. শাহজাহান কবির চৌধুরী। জুনিয়র কনসালটেন্ট ডা. শফিকুল হক চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর ডা. স্নিগ্ধা দেব, জালাল উদ্দিন মোল্লা প্রমুখ। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফার্মিসি বিভাগের মাহবুব আলম ও ডেন্টাল বিভাগের অন্তরা ইয়াসমিন এবং অভিবাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আহনাফ মোসাদ্দিক আরাফ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বনিতা মন্ডল।

সিলেটের সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান বলেন, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে ভর্তি হওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এই প্রতিষ্ঠানের প্রত্যেকজন শিক্ষক অত্যন্ত অভিজ্ঞ। একজন সুদক্ষ স্বাস্থ্যকর্মী গড়ায় তাদের সুনিপুন দক্ষতা রয়েছে। শিক্ষার্থিদেরকে শুধু লেখাপড়া করলেই হবেনা বরং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে।

ডা. গৌর মনি সিংহ বলেন, এই প্রতিষ্ঠানটি গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে আলাদা একটি প্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষা নেয়ার ফলে কেউই বেকার থাকেনা। এখান থেকে শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ডাঃ মোঃ নাছির উদ্দিন ভুইয়া বলেন, এটি একটি সম্পূর্ন রাজনীতিমুক্ত ক্যাম্পাস। এখানে থেকে পড়াশুনা করার চমৎকার সুযোগ রয়েছে। এখানে পড়ালেখার উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আমাদেরকে মানুষের সেবায় নিবেদিত হতে হবে। এই প্রতিষ্ঠানের সমস্ত নিয়ম কানুন মেনে শিক্ষার্থীদেরকে চলার আহবান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.