Sylhet Today 24 PRINT

রেলের ভাড়া বৃদ্ধির সুপারিশের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৬

রেলের ভাড়া বৃদ্ধির সুপারিশের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)। শনিবার বিকাল ৪ টায় মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েবের সভাপতিত্বে এবং অনীক ধরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পার্টি সিলেট জেলার সদস্য মোখলেছুর রহমান, এ্যাডভোকেট উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কান্ত দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রেলখাতে লোকসানের নামে ও যাত্রীসেবা বাড়ানোর নামে রেলের ভাড়া বৃদ্ধির যে সুপারিশ করা হয়েছে তা অযৌক্তিক। রেলের কাঠামোগত সংস্কারের নামে বেসরকারিকরণের অংশ হিসেবে এডিবি প্রদত্ত ঋণের শর্ত হিসেবে ভাড়া বাড়ানো হচ্ছে। এ বিষয়টি সম্পূর্ণ আড়ালে রেখে লোকসান ও যাত্রীসেবা বাড়ানোর যে যুক্তি, তা চরম মিথ্যাচার ও জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল মাত্র। এ রকম ভাবে ২০১২ সালেও যাত্রীসেবা বাড়ানোর নামে রেলের ভাড়া বাড়ানো হয়েছিল। কিন্তু যাত্রীসেবার মান বাড়ে নি। বরং উত্তরোত্তর কমেছে।

বর্তমানে বাড়ীভাড়া, গাড়িভাড়া, দ্রব্যমূল্য সহ সকল কিছুর দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তার সাথে রেলের ভাড়া বৃদ্ধি সাধারন মানুষের জীবনকে আরো চরম দুর্ভোগে ফেলবে। রেলের নানা দুর্নীতি, লুটপাট ও অপচয়মূলক প্রকল্প বন্ধ তথা অবৈধ দখলে থাকা রেলের হাজার হাজার একর জমি উদ্ধার, বিভিন্ন সংস্থার কাছ থেকে রেলের শত শত কোটি টাকা বকেয়া পাওনা আদায় করে রেলকে আধুনিকাকায়ন করলে রেলখাতকে লাভজনক করা সম্ভব।

এজন্য দাতা সংস্থার কাছেও হাত পাতার দরকার নেই। বাস্তবে দেশি-বিদেশী লুটেরাদের স্বার্থেই দেশের সবগুলো সেবা খাতের ন্যায় রেলখাতেও ভাড়া বৃদ্ধির প্রস্তাবনা করেছে সরকার। একদিকে এই একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে রেলখাতকে বাণিজ্যিকীকরণ করছে আবার এই পুঁজিপতিদের মুনাফা যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্যই দেশে ফ্যাসিবাদ কায়েম করছে।

নেতৃবৃন্দ অবিলম্বে রেলের ভাড়া বৃদ্ধির চক্রান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি এবং এর বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.