Sylhet Today 24 PRINT

নগরে হরতালের সমর্থনে মিছিল থেকে গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |  ২০ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের সিলেট নগরে গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) সকালে নগরের উপশহর পয়েন্টে হরতালের সমর্থনে কয়েকটি মোটরসাইকেলে মিছিল বের করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। যদিও পুলিশ বলছে কোনো ধরনের গাড়ি ভাঙচুর হয়েছে বলে তাদের জানা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার উপশহর পয়েন্টে কয়েকটি মোটরসাইকেলে হেলমেটধারী কয়েক জন যুবক হরতালের সমর্থনে সড়ক অবরোধ করে একটি ট্রাক ও অটোরিকশা (সিএনজি) ভাঙচুর করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। 

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, উপশহর পয়েন্টে দুর্বৃত্তরা পিকেটিংয়ের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।

এছাড়া সিলেট নগরে অনেকটা ঢিলেঢালা হরতাল হচ্ছে। সকাল থেকে নগরে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বেড়েছে। অন্য দিনের মতোই অফিস-আদালত চলছে। চাকরিজীবীদের যথাসময়ে কর্মস্থলে পৌঁছাতে দেখা গেছে। স্কুল-কলেজও চলছে যথারীতি।

সরেজমিন দেখা গেছে, নগরের কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, সুরমা মার্কেট পয়েন্টসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। খুলেছে দোকানপাট, বিপণি বিতানও। সেই সঙ্গে বিশৃঙ্খলা ঠেকাতে নগরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। র‌্যাব ও বিজিবি সদস্যরা টহল অব্যাহত রেখেছেন।    

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও সিলেট থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় দূরবর্তী গন্তব্যের লোকজন রেলপথকেই বেছে নিচ্ছেন। 

সরকার পতনের একদফা দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে রোববার (১৯ নভেম্বর) শুরু হয় ৪৮ ঘণ্টার হরতাল।  হরতালের প্রথম দিনে পিকেটিংয়ের চেষ্টাকালে ছয় জনকে আটক করে পুলিশ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.