জুড়ী প্রতিনিধি | ২৩ নভেম্বর, ২০২৩
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জুড়ী উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মঞ্জু।
বুধবার তৃণমূল বিএনপির কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সালাম মাহমুদ।
আনোয়ার হোসেন মন্জু উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কের দায়িত্বে আছেন।
এ বিষয়ে তিনি বলেন, আমি এ আসন থেকে নির্বাচন করার জন্য তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করেছি। যদি দল আমাকে মনোনীত করে তাহলে নির্বাচন করবো।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দিবাকর দাস বলেন, এ বিষয়টি তার জন্য রাজনৈতিক বিপর্যয়। নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা বলেন, যুবদলের সদস্য হওয়ার পর ও সে দলের বিরুদ্ধে গিয়ে তৃণমুল বিএনপিতে যোগদানের বিষয়টি জেনেছি। এ ব্যাপারে দলের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান আছকর বলেন, সে বিএনপির কোন পদে নেই। সেচ্ছাসেবক দল ও যুবদলের রাজনীতির সাথে জড়িত। নিয়ম অনুযায়ী এসব সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ক্রয় করেছেন ৫জন। বর্তমান সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন ছাড়াও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, কুলাউড়া থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সিরাজুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।