বিশ্বনাথ প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২৩
সিলেটের বিশ্বনাথে পরিবেশ দূষণকারী কালীগঞ্জের অবৈধ ‘আল-ফালাহ ইটভাটা’ বন্ধের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন পরিবেশবাদীরা।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা ও কালীগঞ্জ বাজার সচেতন নাগরিক ফোরাম এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পরিবেশের ছাড়পত্র ছাড়া ও পৌরসভার অনুমতিপত্র ছাড়া বেআইনিভাবে পৌরসভার ভিতরে কালীগঞ্জ বাজারে রাস্তার পাশে আল-ফালাহ নামে ইটভাটার কার্যক্রম অবৈধভাবে চালানো হচ্ছে। অনতি বিলম্বে বন্ধ করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান এবং প্রধান বক্তার বক্তব্য দেন বাপা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
কালীগঞ্জ বাজার সচেতন নাগরিক ফোরামের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সংগঠক একে সাজুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাপা সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক ছামির মাহমুদ, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী, জহুর আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী ও সংগঠক আনোয়ার মিয়া।