সিলেটটুডে ডেস্ক | ১৬ জানুয়ারী, ২০১৬
গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের উদ্যোগে শনিবার সন্ধ্যা ৬টায় আম্বরখানাস্থ ফয়জুরবাগে জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের আহ্বায়ক, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিংহ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক, বাসদ জেলার সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গনতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোঃ আরশ আলী, প্রবীণ রাজনীতিবিদ এড. মুজিবুর রহমান চৌধুরী, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টি জেলার সভাপতি আবুল হোসেন, রাজনৈতিক বিশ্লেষক ড. নেছার আহমদ কায়ছার, জাসদ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, বাসদ জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের চঞ্চলেন্দু দাস চঞ্চল, মোঃ দিলোয়ার হোসেন সিদ্দিকী, আমিনুর রহমান আলম, জাহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর সভাপতি পাপ্পু চন্দ ও সাধারণ সম্পাদক আজহারুল হক চৌধুরী সাকিব প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্যাস সংযোগ বন্ধের মৌখিক বায়বীয় আদেশ জনস্বার্থ বিরোধী। এ আদেশের ফলে সিলেট বিভাগের এক কোটি মানুষের জনজীবনে দুর্ভোগ ভোগান্তি চরম আকার ধারণ করেছে। লুটেরা সিন্ডিকেটের জনবিরোধী সিদ্ধান্তের ফলে সরকার রাজস্বখাত থেকে কোটি কোটি টাকা বঞ্চিত হচ্ছে। বক্তারা জনস্বার্থ বিরোধী আদেশ বাতিল করে গণবিস্ফোরণের আগেই পূর্বেই ন্যায় গ্রাহকের মধ্যে গ্যাস সংযোগ বহাল রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।