Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা-জুড়ী) মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, বড়লেখা উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেবকান্দ দাস নান্টু, জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, আগামী ৭ জানুয়ারি অবাধ এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে। বড়লেখা-জুড়ীর মানুষ নৌকায় ভোট দেবেন এবং আমরা বিপুল ভোটে জয়ী হব, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.