Sylhet Today 24 PRINT

ব্যারিস্টার সুমন পা ধরে মাফ চেয়েছে, দাবি গোলাপের

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০২৩

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ দাবি করেছেন  আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার কাছে মাফ চেয়েছেন।  দুদকে গোলাপের বিরুদ্ধে অভিযোগ করার পর সুমন মাফ চান বলে দাবি করেন  আব্দুস সোবাহন গোলাপ।

গোলাপের এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাদারীপুর শহরে শুক্রবার রাত ৮টার দিকে একটি নির্বাচনী কর্মী সভায় গোলাপ দাবি করেন, ‘সুমন আমার পা ধরে মাফ চেয়েছে। সে তার ভুলের জন্যে ক্ষমাও চাইছে। মূলত তাকে দিয়ে আমার বিরুদ্ধে লাগিয়েছে শত্রুপক্ষ।’

ড. গোলাপ বলেন, ‘সুমনের বিরুদ্ধে আমি পাঁচশত কোটি টাকার মানহানি মামলা দিয়েছি। তিনি সেই মামলায় কয়েকবার হাজির না হওয়ায় হাইকোর্ট তাকে জরিমানা করেছে। আমি আইনমন্ত্রীকে বলেছি, আমার পাঁচশত কোটি টাকা আদায় করে দেন। এই নির্বাচনের সময় আমার টাকার খুব দরকার। ব্যারিস্টার সুমন তার ভুলও বুঝতে পেরেছে। দুদকের কাছে আমি সব সত্য প্রকাশ করেছি। দুদকও আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছি।’

তিনি বলেন, ‘আমার এলাকার শত্রুরা সুমনকে দিয়ে এসব করিয়েছে। এখনো আমার বিরুদ্ধে শান্তি সমাবেশের নামে গালাগালি করছে তারা। যদিও বঙ্গবন্ধু কন্যা আমাকেই নৌকা দিয়েছে। আগামীতেও আমি আওয়ামী লীগের শক্তি হয়ে থাকবো।’

এ সময় তিনি মাদারীপুর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মৌলভী আজমত আলী খানের কবর জিয়ারত করেন। পরে রাতে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.