সিলেটটুডে ডেস্ক | ০৬ ডিসেম্বর, ২০২৩
সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সাওয়াল বলেছেন, ভারত - বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনৈতিক, রাজনৈতিক আর অর্থনৈতিক নয়। আমাদের দুদেশের সম্পর্ক আত্মিক এবং পারস্পরিক সমতা ও ন্যায্যতার।
তিনি বুধবার রাতে বাংলাদেশ- ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ,সিলেট আয়োজিত "স্বাধীনতার ৫২ বৎসর : বাংলাদেশ - ভারত সম্পর্ক" শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার কর্তৃক স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতির দিনকে মৈত্রী দিবস পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এডভোকেট বিজয়কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট বেদনানন্দ ভট্রাচার্য, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক আল আজাদ, শিক্ষক ও লেখক আব্দুল মালিক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ - ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ, সিলেটের সদস্য সচিব মুক্তাদীর আহমদ মুক্তা।
মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন গীতবিতান, সিলেটের শিল্পীরা।