Sylhet Today 24 PRINT

দিরাইয়ে নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার

দিরাই প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০২৩

সুনামগঞ্জের দিরাইয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। নিখোঁজ যুবক উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের শ্যামা বর্মণের ছেলে সুজিত বর্মণ (২৫)। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন।

দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে থানার এসআই মাহবুব সিদ্দিকির নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়নগরের দক্ষিণে কাঠের সেতু সংলগ্ন কালনী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত হিসেবে এ লাশ উদ্ধার করা হয়।

এসআই মাহবুব সিদ্দিকি জানান, স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের পড়নে শার্ট, পেন্ট ও লুঙ্গি ছিল। তাছাড়া মুখ, দুই হাত ও দুই পা কালো কসটিব দিয়ে বাঁধা ছিল বলেও তিনি জানান। ধারণা করা হচ্ছে, সুজিতকে চার-পাঁচ দিন আগে মেরে নদীতে ভাসিয়ে দেয়া হয়।

অনেকেই বলছেন, চান্দপুরের সুজিত নামে একজনকে গত কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি, পরিবারের লোকজনকে জ্ঞিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠানো হবে, এরপর রিপোর্ট আসলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.