Sylhet Today 24 PRINT

সিলেটে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে অভিযানে ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২৩

সিলেটে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাটের পেঁয়াজ পট্টিতে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম।

এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না রাখার কারণে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, গতকাল শনিবার ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এরপর থেকেই সারাদেশে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। সিলেটেও একলাফে ১২০ থেকে ১৪০ টাকা মূল্যবৃদ্ধি করে অসাধু ব্যবসায়ীরা। একদিন আগেও যেই পেঁয়াজের মূল্য কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকা ছিল মুহূর্তেই তা দুইশো ছাড়ায়। খবর পেয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর।

রোববার ভোক্তা অধিদপ্তর সিলেটের অভিযানে কালীঘাটের রঞ্জিত বানিজ্যালয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির প্রমাণ পান কর্মকর্তারা। এসময় বিক্রেতারা কোনো রশিদ দেখাতে পারেনি। এসব অভিযোগে বিক্রেতা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বেশকিছু পাইকারি দোকানে গিয়ে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, নগরীর কালীঘাটে পেঁয়াজের বাজারে অভিযানে দেখা যায় বেশিরভাগ দোকানেই কোনো মূল্য তালিকা টাঙ্গানো নেই। এছাড়া তারা বিক্রির ক্ষেত্রেও কোনো রশিদ দেন না এবং অতিরিক্ত দামে বিক্রি করছেন। একারণে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শ্যামল পুরকায়স্থ আরও বলেন, আমরা বাকিদেরও সতর্ক করে দিয়েছি যাতে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করেন। অন্যথায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান চলমান থাকবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.