Sylhet Today 24 PRINT

মদিনা মার্কেট থেকে এমসি কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১১ ডিসেম্বর, ২০২৩

সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় এমসি কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত (১২ ডিসেম্বর) রাত ১টার দিকে মদিনা মার্কেটের পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জলি রাণী চন্দ (২১) পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসার গৌরমোহন চন্দের মেয়ে। তিনি বিবাহিত ছিলেন। তার স্বামী প্রবাসী।

পারিবারিক কলহের জের ধরে জলি রাণী শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাত ১২টার দিকে জলি রাণীর পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত দেহটি মাটিতে নামান। পরে খবর দিলে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসি বলেন- জলি এমসি কলেজে পড়ালেখা করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকেন। আত্মহত্যার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.