Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ফুটপাতে শীতের কাপড় বিক্রির ধুম

চুনারুঘাট প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের বিভিন্ন পয়েন্টে ফুটপাতের মোড়ে জমে উঠেছে  গরম কাপড় বিকিকিনি। অগ্রহায়ণ মাস চলে যাচ্ছে, অথচ এখন পর্যন্ত খুব একটা শীত পড়েনি। তবে হালকা শীত  আর গরমের মাঝেও গরম কাপড় কেনার কমতি নেই।

পৌরশহর ছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজারে গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় প্রতিদিনই বেড়ে চলেছে। সবাই সাধ্যের মধ্যে নিজেদের  পছন্দমতো গরম কাপড় আগেভাগেই কিনছেন। পৌরশহরের মধ্য বাজার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায়  মসজিদ মার্কেটের পাশে হকার্স মার্কেটে সকাল থেকে রাত ৯/১০ টা পর্যন্ত চলে গরম কাপড় বিকিকিনির ধুম।

এ উপজেলায় বিভিন্ন স্থান হতে আগত ব্যবসায়ী ভ্যানে করে বিভিন্ন পয়েন্টে ফুটপাতের মোড়ে  গরম কাপড় বেচাকেনা করতে দেখা গেছে।

গরম কাপড় কিনতে আসা মোহাম্মদ বাবরু মিয়া জানান, এবছর শীত কম কম লাগছে, তবুও গরম কাপড় কিনতে এসেছি। শীত  পরলে কাপড়ের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়ে যায়। তাই আগেভাগেই কিছুটা  কম দামে নিজেদেরসহ ছেলে মেয়েদের  কাপড় কিনে রাখছি ।

হকার্স মার্কেটের সোহাগ মিয়া নামে এক ব্যবসায়ী জানান,  এবছর শীত পড়ার আগেই গরম কাপড় বিক্রি শুরু হয়ে গেছে । প্রতিদিনই ক্রেতার  সংখ্যা বাড়ছে। এই কারণে ব্যবসায়ীরা আগে  থেকেই গরম কাপড় আনা শুরু করেছেন।  এবছর গরম কাপড়ের ব্যবসা ভালো হবে এমনটিই আশা করছেন তিনি।

সংবাদকর্মী শংকর শীল বলেন, গত দুই, তিনদিন আগে এ উপজেলায় বৃষ্টিপাত হয়, তারপর থেকেই  শীত অনুভুতি হচ্ছে। এদিকে  চুনারুঘাট পৌরশহরসহ উপজেলার বিভিন্ন জায়গায় গরম কাপড় সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকে। তবে বিকাল থেকে এসব দোকানে ক্রেতাদের ভিড় বেশি হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.