Sylhet Today 24 PRINT

১৯ দিন পর হারানো পোষা বিড়াল ফিরে পেলেন কলেজছাত্রী সানজিদা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ডিসেম্বর, ২০২৩

১৯ দিন পর রবিবার (১৭ ডিসেম্বর) হারানো পোষা বিড়াল লাড্ডুকে ফিরে পেয়েছেন সিলেটের কলেজছাত্রী সানজিদা জান্নাত।

গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে পাশের বাসার এক প্রতিবেশী বস্তায় ভরে সানজিদা জান্নাতের পোষা বিড়াল লাড্ডুকে অজ্ঞাত স্থানে ফেলে দেন। এ ঘটনায় ওই কলেজছাত্রী শখের বিড়ালকে ফিরে পেতে নগরীতে পোস্টারিং করেছেন।

সানজিদা সিলেটের মেজরটিলা এলাকার বাসিন্দা। তিনি সিলেট এমসি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।

জানা গেছে, সম্প্রতি বিড়াল হারানোর নিউজ দেখে নগরীর শিবগঞ্জের লাখড়ি পাড়ার ফাইজা নামের একজন ফোন করে একটি বিড়ালের কথা জানান সানজিদাকে। এরপর ছোট ভাইকে নিয়ে বিড়ালের ঝুড়ি সাথে করে নিয়ে চলে যান সেখানে। সাথে সাথে নিজের হারানো বিড়াল দেখে হয়ে যান আনন্দে আত্মহারা। বিড়ালের ‘মা’ ‘মা’ শব্দে চিনতে পারেন নিজের লাড্ডুকে। এরপর কোলে নেওয়ার সাথে সাথে শান্ত হয়ে পড়ে লাড্ডু ।

সানজিদা জান্নাত বলেন, ‘১৯ দিন বাইরে থাকায় একটু রগচটা হলেও নিজের মালিক দেখলে শান্ত হয়ে পড়ে! নিজের বিড়াল ফিরে পেয়ে মিষ্টি বিতরণ ও সবাইকে পিঠা সন্দেশ খাইয়েছি।’ লাড্ডুকে ফিরে পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সানজিদা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.