কমলগঞ্জ সংবাদদাতা | ১৭ জানুয়ারী, ২০১৬
মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি এলাকায় ধসে পড়া সেতুটি মেরামতের পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও চালু হয়েছে।
প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ওই পথে আবারও ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ভানুগাছ রেলস্টেশনের মাস্টার রুস্তুম আলী ফকির।
তিনি জানান, সেতুটি সাময়িক মেরামতের পর রেল চলাচল শুরু হয়েছে।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ স্টেশন হয়ে সিলেট যাওয়ার পথে ১৫৭ নম্বর সেতুটি ধসে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ রেলওয়ে সিলেটের সহকারী নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, পাহাড় ধসে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস আর সিলেট থেকে ঢাকামুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে।
এতে বিভিন্ন স্টেশনে আটকাপড়া ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন বলেও জানান তিনি।