Sylhet Today 24 PRINT

আমিরাতে ছুরিকাঘাতে হবিগঞ্জের যুবককে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০২৩

সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম কাউছার মিয়া। ৩৮ বছর বয়সী এই যুবক তার এক নেপালি সহকর্মীর হাতে খুন হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

নিহত কাউছার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের রজব আলীর ছেলে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মীর মো. ছাহেব আলী।

নিহতের সহকর্মীদের উদ্ধৃতি দিয়ে ছাহেব মেম্বার বলেন, বৃহস্পতিবার আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে খুনের ঘটনাটি ঘটে। ওই দিন রাতে কাউছারকে তাঁর বাসা থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। পরে তাদের নেপালি এক সহকর্মী কাউছারকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন কাউছারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আবুধাবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মামলায় অভিযুক্ত নেপালি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

কাউছার আট বছর আগে আমিরাতে যান। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। রোববার তার মরদেহ দেশে আসার কথা আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.