Sylhet Today 24 PRINT

দালাল নেই, নেই ঘুষ বাণিজ্য- এ যেনো এক অন্য ভূমি অফিস

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জানুয়ারী, ২০১৬

ভূমি অফিসে সেবা নিতে গেলেই দালালের খপ্পরে পড়ে ঘুষ, হয়রানিতে অতিরিক্ত টাকা গচ্চা দিতে হবে- সাধারণের এই ধারণা পাল্টে দিচ্ছে ‘বদলে যাওয়া’ সিলেট সদর উপজেলার ভূমি অফিস।

সততার সঙ্গে ভূমি সংক্রান্ত সেবা দিতে এই কার্যালয়ে চালু করা হয়েছে ‘সেবা কুটির’। সিলেটের ভূমি অফিসের এই ‘সেবা কুঠিরই’ রয়েছে পরিবর্তনের মূলে।

ভূমি কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলে ভোগান্তি ছাড়াই এ কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত ‘সুবিধা’ পাচ্ছেন সেবাগ্রহীতারা। ঘুষ আর হয়রানি ছাড়াই সেখানে সেবা পাওয়া যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানালেন।

সম্প্রতি ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেবা নিতে আসা অনেকের সমস্যার কথা শুনছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সুহেল মাহমুদ।

সুহেল মাহমুদ জানান, ‘‘গতবছরের অক্টোবরে চালু হওয়া এ কেন্দ্রে প্রতিদিন সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সরাসরি সেবা প্রত্যাশীদের সেবা সংক্রান্ত নানা সমস্যার কথা শুনেন তিনি।

যে সব সমস্যা তাৎক্ষণিক সমাধান যোগ্য তা সমাধান করেন, আর সেবা প্রদানের বিষয়টি এ কার্যালয়ের এখতিয়ার বহির্ভূত হলে, তিনি কিভাবে প্রতিকার পাবেন সে বিষয়ের আইনানুগ পরামর্শ দেয়া হচ্ছে।’’

‘সেবা কুঠির’’ নামের বিশেষ কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১শ’ জনকে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সেবা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এক বছর আগেও এই ভূমি অফিসের নাম শুনলেই চোখে ভাসত ঘুষ, হয়রানি ও নানা ভোগান্তির চিত্র। দালালদের খপ্পরে পড়ে গুনতে হতো অতিরিক্ত টাকা। তবে পাল্টে গেছে সে দৃশ্যপট।

ভূমি কর্মকর্তা সুহেল মাহমুদ বলেন, শুধু সেবা কুঠির স্থাপন নয়,পরিবর্তন আনা হয়েছে ভূমি অফিসের সবক্ষেত্রেই।

সেবা রেজিস্টার চালু, হালনাগাদ সিটিজে চার্টার টাঙানো,কর্মবন্টন তালিকা প্রদর্শন, নামজারী ও বিবিধ মোকদ্দমার কার্যতালিকা প্রদর্শন, সকল কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ডের ব্যবহার, নথি ও রেজিস্টার বিন্যাসকরণ ও সংরক্ষণ, রেকর্ড রুমে নথি ও রেজিস্টার বিন্যাসকরণ ও সংরক্ষণ, নামজারী ফ্লো-চার্ট টাঙানো হয়েছে।

তিনি বলেন, আগে রেকর্ড ফাইল খুঁজতে দিনের পর দিন লেগে যেত, একটি ফাইলের জন্য অফিসের সব ফাইল দেখতে হতো।

এ সমস্যা দুর করতে রেকর্ড রুমে রক্ষিত বিভিন্ন রেজিস্টার এবং ফাইল সমূহ পুনর্বিন্যাস করা হয়েছে। প্রতিটি সেলফে রেজিস্টার এবং ফাইল সুবিন্যস্তভাবে সাজিয়ে ট্যাগিং করা হয়েছে। এখন যে কোন ফাইল খুঁজতে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না।

ভূমি অফিসের রেকর্ড রুমে ১ লাখ ৯৩ হাজার ৬১৯টি নামজারী মোকদ্দমা নথি ও পাঁচ হাজার ১২০টি বিবিধ মোকদ্দমা নথি, ৮৮টি রেজিস্টার, বিবিধ ৬০টি রেজিস্টার ও ফাইল রক্ষিত আছে বলে জানান তিনি।

এছাড়া এখানে দৃশ্যমান স্থানে দুটি ডিসপ্লেবোর্ডে নামজারী মামলা ও প্রাত্যহিক কার্য্যতালিকা এবং বিবিধ মামলার সাপ্তাহিক কার্য্য তালিকা প্রদর্শন করা হচ্ছে। এ দুটি ডিসপ্লেবোর্ড দেখে সেবা গ্রহীতাগণ সরাসরি যোগাযোগ ছাড়াই মামলার শুনানি ও নিষ্পত্তির তারিখ ও সর্বশেষ অবস্থার বিষয়ে জানতে পারেন।

নামজারী, দাগ সূচী পরিবর্তন ও নথির নকল তুলতে ভূমি অফিসে এসে এ টেবিল থেকে ও টেবিল ঘুরতে ঘুরতে চলে যেন দিনের পর দিন। এখন মাত্র কয়েক মিনিটে নথির নকল ও মাত্র ১০-১৫ দিনেই নিষ্পত্তি হয় নামজারি মামলা। পড়তে হয়না দালালদের খপ্পরেও। তাই বেশ খুশি সেবা গ্রহীতারাও।

নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা এনাম আহমদ বলেন, আগে এখানে আসলেই দালালরা ঘিরে ধরত। আমাকে দেন কাজ করে দেব-এমন কথা বলে টানাটানি শুরু হয়ে যেত। এখন ভূমি অফিসের পরিবেশ পুরোই পাল্টে গেছে। দালাল নেই, সেবা কুঠির চালু হওয়ায় দ্রুত সব কাজ হয়ে যাচ্ছে।

একই কথা বললেন এখানে সেবা নিতে আসা কোম্পানীগঞ্জের বাঘজুড় গ্রামের মইনুল ইসলাম ও সুনামগঞ্জের আব্দুল কুদ্দুস।

তারা বলেন, আগে নানা অজুহাতে সেবা দিতে সময়ক্ষেপণ করা হতো। এটা ঠিক হয়নি, এই কাগজ নেই বলে দিনের পর দিন হয়রানি করা হতো। ১০ দিনের কাজ করতে লেগে যেত দুই থেকে আড়াই মাস।

তবে সম্প্রতি হালনাগাদ সিটিজেন চার্টার টাঙানো, কর্মবন্টন তালিকা প্রদর্শন করায় সহজেই নিজ নিজ কাজ করে দিচ্ছেন কর্মকর্তারা। এছাড়া সেবা কুঠিরে সরাসরি ভূমি কর্মকর্তার কাছে কোন অভিযোগ দিলে তাৎক্ষনিকভাবে সমাধান করা হচ্ছে।

এদিকে জনগণকে সহজে ও দ্রুততর সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সিলেট সদর উপজেলা ভূমি অফিস ভ্রাম্যমাণ নামজারীসহ ভূমি সেবা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলে জানান ভূমি কর্মকর্তা সুহেল মাহমুদ।

প্রাথমিকভাবে নামজারী আবেদন প্রাপ্তির পর প্রতিমাসে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের অধীনে কমপক্ষে পাঁচটি নামজারী মামলা নিষ্পত্তি করা হবে বলে জানান তিনি।

শুধু সরাসরি সেবাই নয়, এ উপজেলাকে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আওতায় আনার কাজও চলছে বলে জানান সুহেল মাহমুদ।

এজন্য ডিজিটাল ল্যান্ড সফটওয়্যার তৈরির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এতে ভূমি মালিকের ভূমির সব তথ্য থাকবে। থাকবে ভূমি মানচিত্রও। অনলাইনে পৃথিবীর যেকোনো স্থানে বসে ভূমির মালিকরা তাদের ভূমির যে কোন তথ্য জানতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.