বানিয়াচং প্রতিনিধি | ১৬ জানুয়ারী, ২০২৪
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরের (রাজস্ব উন্নয়ন) আওতায় বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের দরিদ্র বেকার নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি থেকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজে নানাভাবে পিছিয়ে থাকা অসচ্ছল ও দুঃস্থ নারীদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা দেওয়া হচ্ছে। আগামীতেও সরকারের এই পদক্ষেপ অব্যাহত থাকবে। বর্তমান সরকার সর্বশ্রেণির নারীদের কল্যাণে বদ্ধপরিকর। দেশকে এগিয়ে নিতে নারীদের ভূমিকা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তা বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি সেক্টরে প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার আলোকে বানিয়াচং উপজেলা পরিষদের অর্থায়নে সমাজের অবহেলিত এসব নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হচ্ছে। মূলত তাঁরা সেলাই মেশিনের মাধ্যমে পরিবারের আয়বর্ধন যাতে করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ছাড়াও প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।