Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে কবরস্থান দখল চেষ্টার অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০২৪

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও-নোয়াগাঁও গ্রামের একটি কবরস্থানের জায়গা দখলচেষ্টার অভিযোগ ওঠেছে। তবে এলাকার লোকজন কবরস্থানটি রক্ষায় একজোট হয়ে তা প্রতিহত করছেন। দফায় দফায় বৈঠক করে দুটি গ্রামের লোকজন দখল প্রচেষ্টাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিও জানিয়েছেন। কিন্তু দখল চেষ্ঠাকারী নানাভাবে উৎপাত শুরু করেছেন। মামলা দিয়ে লোকজনকে হয়রানীও করছেন বলে অভিযোগ করেছেন এলাকার লোকজন।

কাগজপত্র পর্যালোচনা ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, কান্দারগাঁও-নোয়াগাও গ্রামের বাসিন্দাদের ব্যবহৃত শত বছরের পুরানো একটি কবরস্থান রয়েছে।

জানা যায়, বছরখানেক আগে কবরস্থানের জায়গার মালিকানা দাবি করেন কান্দারগাওয়ের জয়নাল আবেদীন। তিনি তার পিতা আজিজুর রহমানের নামে কবরস্থানের ৬০ শতক ভূমি সেটেলমেন্টে রেকর্ড করিয়ে নেন। বিষয়টি এলাকার লোকজন জানতে পেরে প্রতিবাদ করেন ও রেকর্ড সংশোধনের উদ্যোগ নেন। গ্রামের পঞ্চায়েতের নামে রেকর্ড সংশোধনের জন্য দুই গ্রামের ১০১ জন ব্যাক্তি স্বাক্ষরিত আবেদন গত ডিসেম্বরে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর দাখিল করেন।

 এলাকার লোকজন জানান, কান্দারগাও ও নোয়াগাঁও গ্রামবাসী মিলে ২০২৩ সালের প্রথম দিকে প্রাইমারি স্কুল স্থাপনের জন্য তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বরাবরে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী বিদ্যালয় মন্জুরীসহ সরকারি একটি মুজিব কেল্লা স্থাপনের জন্য আশ্বস্ত করেন। স্কুলের জন্য গ্রামের লোকজন প্রায় ৬ কেদার জমিও দান করেন। কিন্তু জয়নাল আবেদীন দানকৃত ভূমির উপর আদালতে একটি মামলা দায়ের করে বসেন। পরবর্তীতে তার মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।

জয়নাল প্রায় ১৫/১৬ বছর যাবত কান্দারগাও জামে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন। কিন্তু পঞ্চায়েতকে কোন বিষয়ে অভিহিত না করে কর্তৃত্ব খাটিয়ে চলেন। বার্ষিক আয় ২ লক্ষ টাকা থাকার পরও মসজিদটির উন্নয়ন হয়নি।

কান্দারগাঁও গ্রামের হাজী আব্দুন নূর, ছইম উদ্দিন, ইসলাম উদ্দিন, নোয়াগাও গ্রামের আব্দুল কুদ্দুস, হাজি আব্দুল হাশিম, সফরুল ইসলাম, শেরাটন জানিয়েছেন, জয়নালের কারণে এলাকার লোকজন অতিষ্ট। দীর্ঘদিন ধরে জয়নাল নানা অপকর্ম করে আসছেন। তার জালিয়াতি ও অপকর্মের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ ব্যাপারে জয়নাল আবেদীন জানান,আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।

কবরস্থানের জায়গা ব্যাক্তির নামে রেকর্ড প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনর (ভূমি) জানান, এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসি আমার কাছে একটি  আবেদন দিয়েছেন, ইতোমধ্যে সরেজমিনে তদন্ত করছি।

তিনি জানান, কবরস্থানটি অনেক পুরনো, তদন্তকাজ প্রক্কিয়াধীন। নানাভাবে উৎপাত শুরু করেছেন। মামলা দিয়ে লোকজনকে হয়রানীও করছেন বলে অভিযোগ করেছেন এলাকার লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.