Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সাটারের তালা কেটে দুই দোকানে চুরি

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে সাটারের তালা ভেঙ্গে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দুটি দোকান থেকে প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ফুলবাড়ি চা-বাগানের (নতুন লাইন) শরীফ ভেরাইটিজ ষ্টোর ও জুয়েল টেলিকম এন্ড ভেরাইটিজ ষ্টোর নামে দুটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

শরীফ ভেরাইটিজ ষ্টোর এর সত্বাধিকারী শাহজাহান মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা প্রতিদিনের ন্যায়ে দোকান বন্ধ করে চলে যায়। পরে রাত ৩টার দিকে খবর পাই দোকানের সাটারের তালা কেটে চোরের দল দোকানে থাকা তেল, সাবান ও কসমেটিকের মালামাল ও নগদটাকাসহ প্রায় ১ লাখ ৬৫ টাকার মালামাল নিয়ে যায়।

তিনি আরো জানান, একই সাথে ওই সময় চোরের দল জুয়েল টেলিকম এন্ড ভেরাইটিজ ষ্টোরে চুরির ঘটনা ঘটায়। ওই দোকান থেকে মোবাইল কার্ড, মোবাইল ফোন, ব্যাটারী, চার্জার, হেডফোন ও নগদ টাকাসহ ৭ লক্ষ ২৭ হাজার টাকার মালামাল নিয়ে যায়। দোকানে এমন চুরি হওয়ায় আমরা পথে বসে গেলাম।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, এই চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় অভিযোগ করেছেন। অভিযোগ দেওয়ার আগে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত আসামীদের ধরতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.