Sylhet Today 24 PRINT

উপজেলা পরিষদ নির্বাচন: শান্তিগঞ্জে চেয়ারম্যান পদে আলোচনায় চার প্রার্থী

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ |  ১৯ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ এখনো কাটেনি। এই নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে শুরু হতে পারে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন।

এ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলা থেকে চারজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন এবং উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন দোলনের নাম উঠে এসেছে এই আলোচনায়।

পছন্দের নেতাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেখতে চেয়ে তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, দোয়া চাইছেন। অনুসারীদের এমন পোস্টের সাথে সংহতিও জানাচ্ছেন কেউ কেউ। তবে ‘প্রেক্ষাপট’ কি দাঁড়ায় সেদিকে তাকিয়ে আছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদ।

নির্বাচনে প্রার্থী হবেন না এমন কথা সরাসরি না বললেও প্রার্থী হতে হলে অনেক ‘যদি’ দাঁড় করিয়েছেন উপজেলার জনপ্রিয় এ নেতা। বিএনপিসহ আওয়ামী লীগ বিরোধী ভোটারদের কাছে বেশ জনপ্রিয় তিনি। জনপ্রিয়তার দিক থেকে কোনো কমতি নেই আবুল কালামেরও। বেশ জনপ্রিয়তা নিয়ে ২০১৪ সালের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এ নেতা। উপজেলায় আলাদা একটি ভোট ব্যাংক আছে তার। তরুণ ভোটারদের মাঝে বাড়তি উদ্দীপনা আছে ভাইস চেয়ারম্যান নূর হোসেনকে নিয়ে। বিশাল ভোটের ব্যবধান নিয়ে ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আশির্বাদপুষ্ট এ নেতা।

 আওয়ামী যুবলীগ নেতা বোরহান উদ্দিন দোলনও বেশ জনপ্রিয় ব্যক্তি উপজেলার পশ্চিমাঞ্চলে। উপজেলার পূর্বাঞ্চলীয় ইউনিয়নের তুলনায় পশ্চিমাঞ্চলে বেশ জনপ্রিয় ব্যক্তি তিনি। এই চারজনকে ঘিরে আলোচনা ক্রমশ সরগরম হচ্ছে সমস্ত উপজেলায়। শুধু তারাই চেয়ারম্যান পদে নাকি প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে তা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভোটারদের।

নির্বাচনে আগ্রহ প্রকাশ করে ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, আমি শুরু থেকেই মাঠে আছি। কাজ করছি। আমার অভিভাবক আছেন। নেতা আছেন। আমার নেতা এম এ মান্নান মহোদয়ের পরামর্শ নিয়েই যা করার করবো।

যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন দোলন বলেন, আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এবং শতভাগ আশাবাদী নৌকা আমিই পাবো। জনগণ আমাকে ঘিরে আলাদা করে স্বপ্ন দেখেন। আমি নির্বাচনমুখী।

নিজের অবস্থান পরিষ্কার করে সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বলেন, সমর্থকেরা আমাকে চাচ্ছেন যেনো আমি নির্বাচন করি। তাদের চাওয়াকে আমি সম্মান জানাই। তবে, যদি নেত্রী আমাকে দলীয় মনোনয়ন দিয়ে নৌকা দেন তাহলে আমি নির্বাচন করবো। না হলে নির্বাচনে যাবো না।

আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমি প্রার্থী হতে পারি। এ সরকারের অধীনে কোনো নির্বাচনে আমি যাবো না।

প্রসঙ্গত, ২০১৯ সালে দেশব্যাপী পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো ১০ মার্চ।  শান্তিগঞ্জ (তৎকালীন দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলায় ১ম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এ বছর শান্তিগঞ্জ উপজেলায় প্রায় ১ লক্ষ ৪২ হাজার ভোটার ভোট দিবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.