Sylhet Today 24 PRINT

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার ৫ দিন পর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০২৪

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এশা বিবি (৭৫) নামে এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ওই বৃদ্ধা উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে বৃদ্ধা এশা বিবি নিজ বাড়ির উঠানে আগুনের তাপ নিতে গিয়ে অসাবধানতাবশত নিজের কাপড়ে এবং শরীরে আগুন ধরে যায়। এতে তার দেহের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর গতকাল রাতে ওই বৃদ্ধা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, সিলেট কোতোয়ালি থানার পুলিশের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.