Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে সংঘর্ষ, আটক ১০

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৬ জানুয়ারী, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি)  দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর নোয়াগাঁও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করা নিয়ে ওই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের আরেক আওয়ামী লীগের সদস্য ইজাজ মিয়ার কথা–কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের খেলার মাঠে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন–আব্দুল ওয়াকিদ (৫০), আলী হোসেন (৪০), হালিম মিয়া (৩৫), আব্দুল হাদি (৪০) ও শাহিন মিয়া (৪৮)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আওলাদ তালুকদার মুগ্ধ বলেন, গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রাথমিকভাবে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.