মাধবপুর প্রতিনিধি | ০৫ ফেব্রুয়ারী, ২০২৪
হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুরের বেজুড়ায় জমি সংক্রান্ত এবং নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে নৃশংসভাবে খুনের শিকার বেজুড়া গ্রামের পাবেল মিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বেজুড়া গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
ঢাকা- সিলেট মহাসড়কে বেজুড়া বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জগদীশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, বেনু মিয়া মেম্বার, মাতবর হোসেন, নিহত পাবেলের ছেলে ফরহাদ হোসেনসহ আরও অনেকেই।
শনিবার সকালে দক্ষিণ বেজুড়া এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এর জের ধরে বেলা ১১টায় উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে আবার মধ্য বেজুড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শনিবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বেজুড়া গ্রামের মাতবর হোসেনের ছেলে পাবেল মিয়ার মৃত্যু হয়।