নিজস্ব প্রতিবেদক ও গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৬ ফেব্রুয়ারী, ২০২৪
সিলেটে পরিবহনশ্রমিক ইউনিয়নের চার নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টা থেকে পরিবহন শ্রমিকেরা সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের তেতলি এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। রাত সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান। তিনি পরিবহন শ্রমিক ও নেতাদের শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।
এর আগে বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা তেতলি এলাকার ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ ও সদস্য জমির আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা শাখার আরও দুজনকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া বলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার দুজন এবং দক্ষিণ সুরমা শাখার দুজন পরিবহনশ্রমিক নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অপরাধ কী, কিংবা কেন তাদের ধরে নেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ জন্য পরিবহনশ্রমিকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করছেন।
ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা শাখার সহসভাপতি জুমেল আহমদ বলেন, তাদের নেতাদের হাজির করলে তারা অবরোধ প্রত্যাহার করবেন। এর আগপর্যন্ত অবরোধ চলবে।
গোলাপগঞ্জ প্রতিনিধি জাহিদ উদ্দিন জানিয়েছেন, গোলাপগঞ্জে ট্রাক পিক আপ কাভার্ড ভ্যানের উপ-কমিটির পরিবহন শ্রমিকরা সিলেট- জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দু দিকে শত শত যানবাহন আটকে আছে। সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
শ্রমিকরা জানান, গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের এওলাটিকরে গাড়ি থেকে চাঁদা উত্তোলন করতেন আছকর আলী, আব্দুস সাত্তার, জীবন মিয়া ও রিয়াজ মিয়া নামের তিনজন শ্রমিক। এই তিনজন শ্রমিককে সাদা পোশাকে একদল লোক নোহা গাড়ি করে তুলে নিয়ে যায়। কী কারণে তাদের তুলে নেওয়া হয়েছে বা কারা তুলে নিয়েছে সে বিষয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ বা শ্রমিকরা এ বিষয়ে কিছু জানেন না। এর প্রতিবাদে এবং তাদের শ্রমিকদের ফিরিয়ে দিতে তারা গোলাপগঞ্জ উপজেলার কদমতলীতে সিলেট-জকিগঞ্জ সড়ক বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রেখে ট্রাক কাভার্ড ভ্যান ও পিক আপের গোলাপগঞ্জ উপ কমিটির শ্রমিকরা।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন জানান, শ্রমিকদের কারা তুলে নিয়ে গেছে এ বিষয়ে আমরা অবগত নই। আমরা শ্রমিকদের অনুরোধ করেছি তারা যেন অবরোধ তুলে নেয়।