Sylhet Today 24 PRINT

দৃষ্টিনন্দন হচ্ছে পর্যটন এলাকা তাহিরপুর

তাহিরপুর প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

টাংগুয়ার হাওর, শিমুল বাগানসহ পর্যটন সমৃদ্ধ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আরও দৃষ্টিনন্দন হচ্ছে। উপজেলা সদরের কয়েকটি স্পটকে ব্যতিক্রমী পরিকল্পনার মাধ্যম নতুন রূপ দিয়ে দৃষ্টিনন্দন করা হচ্ছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের উদ্যোগে সদরের কয়েকটি স্পটকে চিহ্নিত করে ইউএনও সালমা পারভিন, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খানের সহযোগিতায় পাল্টে যাওয়ার ফলে আগত পর্যটকসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে ভূমি অফিসের সামনে শনি হাওর পয়েন্ট তৈরি করায় পর্যটকসহ সবাইকে টানছে বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক মো. তোফাজ্জল হোসেন।
এছাড়াও জেলা শহর থেকে উপজেলা পরিষদে প্রবেশ মুখে ও শেষ সীমান্তে পর্যটকসহ আগতদের স্বাগত জানাতে দৃষ্টিনন্দন গেইটের নির্মাণ কাজ চালছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের অভ্যন্তর, শনি হাওরঘেঁষা মুক্ত মঞ্চ, রেস্ট হাউজ (রক্তি) ও থানার সামনে (বৌলাই নদী ঘেঁষে বৌলাই নদী পয়েন্ট) স্পট তৈরি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান, প্রকৌশলী অফিস কক্ষ, সড়ক মেরামত, পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু জানান, গত ৫ বছর ধরেই উপজেলাকে দৃষ্টিনন্দন করার চেষ্টা করেছেন।

রাজধানী ঢাকা থেকে তাহিরপুরে আসা পর্যটক জাহিদ হোসেন বলেন, রাজধানী ঢাকা থেকে উপজেলা সদরে প্রবেশ করেই দৃষ্টিনন্দন চিত্রগুলো দেখে দীর্ঘ সময় ভ্রমণের ক্লান্তিটা ভুলে যাওয়ার মত হয়েছে। স্পটগুলোতে যে কারোর কিছু সময় বসায় ইচ্ছে হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন জানান, চেষ্টা করেছি উপজেলাবাসীসহ পর্যটকদের ভাল কিছু উপহার দেওয়ার।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, বিভিন্ন কারণে জেলার মধ্যে সবার সেরা তাহিরপুর। তাই সবার সেরা তাহিরপুর যেতে হবে বহু দুর এই স্লোগানটি আমিই তুলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে উপজেলা পরিষদের অর্থায়নে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করার চেষ্টা করছি গত ৫ বছর ধরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.