Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ গেল হেলপারের

কুলাউড়া প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের রাজারদিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তরুণের নাম মিলু মিয়া (১৮)।

নিহত মিলু উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকার মৃত রেনু মিয়ার ছেলে।

এ ঘটনায় গাড়ি চালক রুবেস আহমদ (২৬) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়ি বালু আনার জন্য পৃথিমপাশা ইউনিয়নের ঢিলেরপাড় এলাকায় বালু ঘাটে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে কুলাউড়া-রবিরবাজার এলাকার রাজারদিঘীর পাড় এলাকায় যাওয়ার পর একটি সিএনজি চালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়ির সহযোগী মিলু মিয়া ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই দেবাশীষ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গুরুতর আহত গাড়ির চালক রুবেস আহমদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.