নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারী, ২০১৬
নিহত কাজী হাবিব
আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি নেই। আমরা রাজনৈতিক কর্মকান্ড এলাউ করি না। বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাজনীতি নিষিদ্ধ। এমনটি বলেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ)-এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ঋষিকেশ ঘোষ।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রলীগের এক গ্রুপের হামলার আরেক গ্রুপের কর্মী খুন হওয়ার প্রতিক্রিয়ার বুধবার দুপুরে তিনি এমন মন্তব্য করেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রলীগ কর্মী কাজী হাবিবকে কুপিয়ে আহত করে ছাত্রলীগেরই প্রতিপ্রক্ষ গ্রুপ। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগেও বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিয়ে হামলা সংঘাতের ঘটনা ঘটে। আহত হন অনেকে। ছাত্র রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে বারবার এমন সহিংস ঘটনা ঘটলেও উপাচার্যের দাবি বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রাজনৈতিক কর্মকান্ড নেই।
তবে অধ্যাপক ঋষিকেষ ঘোষ বলেন, ক্যাম্পাসের বাইরে কেউ কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতেই পারে। বাইরের ঘটনা থেকেই এই হত্যাকান্ড বলে দাবি তাঁর।
ঋষিকেষ ঘোষ বলেন, এই হত্যাকান্ডের পর আমরা জরুরী বৈঠকে বসছি। বৈঠকে হত্যাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় দু'দিনের ছুটি দেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত উপাচার্য।
বুধবার ওসমানী হাসপাতালের মর্গে কাজী হাবিবের ময়না তদন্ত শেষে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ঋষিকেষ ঘোষ।