Sylhet Today 24 PRINT

প্রশাসকের রিট খারিজ, বিয়ানীবাজার পৌর নির্বাচনের জট খুলল

শাবুল আহমেদ, বিয়ানীবাজার |  ২০ জানুয়ারী, ২০১৬

প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক তফজ্জুল হোসেনের রিট আবেদন উচ্চ আদালতে খারিজ হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার দায়ের করা রিট আবেদন খারিজ এবং পৌর প্রশাসককে একশত টাকা জরিমানা করেন আদালত।

এরই মধ্যে দিয়ে দীর্ঘ দেড় দশক পর পৌর নির্বাচনের স্বপ্ন দেখতে শুরু করছেন পৌরবাসী।

এদিকে, আদালতে খারিজ হওয়ার খবরে পৌর সদরে আনন্দ মিছিল করেছে পৌরবাসী। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে; এছাড়া বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।

২০০৯ সালে উচ্চ আদালতে পৌরসভার প্রশাসক তফজ্জুল হোসেন এ রিট (৬০১/২০০৯) আবেদন দায়ের করেছিলেন। দীর্ঘ দিন পর বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ শুনানি শেষে তার দায়ের করা রিট আবেদন খারিজ করেন। একই সাথে প্রধান বিচারপতি এসকে সিনহা’র সমন্বয়ে গঠিত বেঞ্চ পৌর প্রশাসক তফজ্জুল হোসেনকে একশত টাকা জরিমানা করেন আদালত।

বুধবার সাড়ে ১২টায় এ প্রতিবেদকের সাথে সেলফোনে আলাপকালে কোর্ট প্রাঙ্গণ থেকে পৌরসভা নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক হাজি আব্দুল হাছিব মনিয়া ও আইন কমিটির দায়িত্বশীল আব্দুল কুদ্দুছ টিটু এ তথ্য জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.