Sylhet Today 24 PRINT

বেইলি রোডে আগুনে নিহত মাধবপুরের মা-মেয়ের মরদেহ গ্রামের পথে

মাধবপুর প্রতিনিধি |  ০১ মার্চ, ২০২৪

বেইলি রোডে বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে আগুন লাগে

মালিবাগ থেকে মা-মেয়ে এসেছিলেন বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয়। রাতের খাবার শেষে আবার ফিরে যাওয়ার কথা ছিল আপন নীড়ে। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। আগুন পুড়িয়ে দিয়েছে সব স্বপ্ন। মা-মেয়ের রাত কাটাতে হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নিকটাত্মীয় অয়ন রায় নিহত মা রুপা রায় এবং মেয়ে প্রিয়াঙ্কা রায়ের মরদেহ গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

অয়ন রায় বলেন, আমার মামী রুপা রায় এবং মামাতো বোন প্রিয়াঙ্কা রায় মালিবাগ থেকে এসেছিলেন বেইলি রোড। রাতের খাবার শেষে আবার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি আর হয়নি। আগুনের ঘটনায় ধোঁয়ায় তাদের মৃত্যু হয়েছে। পরে সকালে আমরা মরদেহ শনাক্ত করেছি। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ নিয়েছি। এখন গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বর গ্রামে নিয়ে যাওয়া হবে। এরপর সেখানেই বাকি কার্যক্রম সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো ভবনটি পুড়ে যায়। এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.