নবীগঞ্জ প্রতিনিধি | ০৮ মার্চ, ২০২৪
দ্বিতীয়বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
বৃহস্পতিবার (৭ মার্চ) হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত ফেব্রুয়ারি মাসের পারফর্মেন্সের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলীকে জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ” হিসাবে মনোনীত করে পুলিশ সুপার আক্তার হোসেন মো. মাসুক আলীকে ক্রেস্ট তুলে দেন।
গত ফেব্রুয়ারি মাসে ছিনতাইকৃত টমটমসহ ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার, ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ ৯ ডাকাত গ্রেপ্তার ও ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং আসামিদের বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ও মামলার তদন্তে অভিন্ন মানদণ্ডের আলোকে ফেব্রুয়ারি মাসে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী। এর স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।
এ বিষয়ে ওসি মো. মাসুক আলী পুলিশ সুপার আক্তার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্যারের কাছ থেকে সম্মাননা স্মারক পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত। এ পুরস্কার টিম নবীগঞ্জ থানার সকল সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমরা চেষ্টা করব অর্পিত দায়িত্ব এবং কর্তব্য যেন সততার সহিত পালন করতে পারি।