Sylhet Today 24 PRINT

অবসরের পর রায় লিখতে বাধা নেই, সুরঞ্জিতের চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০১৬

প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সারাবিশ্বেই রায় ঘোষণার পর বিচারপতি অবসর নিলেও রায় লিখতে পারেন। সেই রায় কার্যকরও হয়। কোথাও কোনো বাধা নেই।

তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শপথ নেওয়া বিচারক রায় ঘোষণার পর অবসর নিয়ে সেই রায় লিখতে পারবেন না, এমন কথা সংবিধানের কোথাও উল্লেখ নেই।

সুরঞ্জিত সেন কারো নাম উল্লেখ না করেই বলেন, সংবিধানের উচ্চ পদে যারা আসীন আছেন তাঁরা যেনো কথা বলতে একটু হিসেব করে বলেন। একটু দায়িত্ব নিয়া বলেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজন জনসভায় এসব কথা বলেন এই সংবিধান প্রণেতা।

উল্লেখ্য, গত মঙ্গলবার দায়িত্ব গ্রহণের একবছর পূর্তিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বলেছেন, রায় লিখতে কোনো কোনো বিচারপতি অস্বাভাবিক বিলম্ব করেন। আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পরও রায় লেখা অব্যাহত রাখেন। রায় লেখার ক্ষেত্রে বিচারপতিদের এ ধরনের প্রবণতা আইন ও সংবিধানপরিপন্থী।

তিনি বিচারকদের উদ্দেশে আরও বলেন, আশা করছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিচারকরা এমন বেআইনি কাজ থেকে বিরত থাকবেন।

প্রধান বিচারপতির এই মন্তব্য নিয়ে দেখা দেয় বিতর্ক। চলমান বিতর্কের মধ্যেই এনিয়ে চ্যালেঞ্জ করলেন সুরঞ্জিত সেন।

জনসভায় সুরঞ্জিত আরো বলেন, ৫ম সংশোধনীর রায় বাতিল হয়েছে, সরকারও রাষ্ট্র ক্ষমতায় রয়েছে ২বছর। এখন বিএনপির সাধারণ সম্পাদক কয় সরকার অবৈধ। এই বিদ্যা সে কই পাইলো?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.