Sylhet Today 24 PRINT

সিলেটে দরজা ভেঙে উদ্ধার মুয়াজ্জিনের মরদেহ, পাওয়া গেল চিরকুট

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০২৪

সিলেটের শাহপরান এলাকায় ঘরের দরজা ভেঙে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে পাওয়া গেছে এক চিরকুট, যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

মঙ্গলবার (৩০ এপ্রিল) এই মরদেহ উদ্ধার করা হয়। মো. দেলওয়ার হোসাইন দিলাল (১৯) নামের ওই তরুণ শাহপরান থানাধীন শাহপরান লাল খাঁটঙ্গী মাদানি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় শাহপরান লাল খাঁটঙ্গী মাদানি মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া ছিল সেই মরদেহ।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, কী কারণে এই মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তিনি একটি কাগজে লিখে রেখে গেছেন- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মরদেহের ময়না তদন্ত হচ্ছে, এটা শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.