Sylhet Today 24 PRINT

হাওরে ধান কেটে বাড়ি ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে বোরো ধান কেটে বাড়ি ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল কাদির (৩০) নামের এক যুবক।

গতকাল সোমবার রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বক্কর আলীর ছেলে।

আব্দুল কাদিরের বড় ভাই আব্দুল মুকিত বলেন, ‘আমরা দুই ভাই হাওর থেকে ধান কেটে ট্রলিতে করে বাড়ি ফিরি। পরে আমার ছোট ভাই গোসল করে চা-বিস্কুট খাওয়ার পর হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। দ্রুত আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

আব্দুল মুকিত আরও বলেন, ‘আমার ভাইয়ের ইতালি যাওয়ার কাজ চলছিল। ইতিমধ্যে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু তার আর ইতালি যাওয়া হলো না।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

এদিকে গতকাল সোমবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল কাদিরের লাশ দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.