Sylhet Today 24 PRINT

স্কুল ছাত্র হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০২৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র তানভীর হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরও একজনকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে ১ লক্ষ করে টাকা জরিমানা এবং অপর জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নছরতপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে উজ্জ্বল মিয়া (২৫) ও নূরপুর গ্রামের মলাই মিয়ার ছেলে শান্ত (২৬) ও বাছিরগঞ্জ বাজারের জলিল কবিরাজের ছেলে জাহিদ মিয়া (২৮)। এছাড়া কারাদণ্ড প্রদান করা হয়- মরমা গ্রামের মৃত মরম আলীর ছেলে লিমন।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি স‌রোয়ার আহমদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা পরিকল্পনা করে তানভীরকে হত্যা করে তার লাশ পুঁতে রেখেছিল। আদালতে তাদেরে বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নসরতপুরের বাসিন্দা তানভীর হোসেন নিখোঁজ হন। এরপরই তার বাবার কাছে ৮০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে কল আসে।

এ ঘটনায় অনুসন্ধান চালিয়ে পুলিশ আসামিদেরকে আটক করলে তারা তানভীরকে হত্যা করে পুকুরে পুতে রাখা হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ অনুসন্ধানে জানা যায়, ছয় বছর আগে তানভীরের বাবার কাছে অপমানিত হন মামলার আসামি উজ্জ্বল মিয়া ও তার বাবা। এ ঘটনার পর প্রবাসে চলে যান উজ্জ্বল।

ছয় বছর পর ২০২১ সালে দেশে ফিরে প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন উজ্জ্বল মিয়া। পরিকল্পনা অনুযায়ী তানভীরকে ডেকে গ্রামের পুকুরপাড়ে নিয়ে আসেন আসামি শান্ত।

পরে শান্ত ও জাহিদ তানভীরকে ধরে রাখেন ও উজ্জ্বল তানভীরের গলায় ফাঁস দিয়ে হত্যা করে মরদেহ পুকুরে কাদার মধ্যে চাপা দেন।

ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তানভীরের বাবার মুঠোফোন নাম্বারে কল দিয়ে মুক্তিপণ দাবি করা হয় বলেও পুলিশের অনুসন্ধানে উঠে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.