Sylhet Today 24 PRINT

পাগলা স্কুলের রিকন চন্দ্র দাশ শান্তিগঞ্জের শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ০২ মে, ২০২৪

শান্তিগঞ্জ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এবছর শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রিকন চন্দ্র দাশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা এবং একই কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমানের যৌথ স্বাক্ষরিত প্যাডে বাৎসরিক এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশের পর শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক রিকন চন্দ্র দাশ বলেন, যে কোনো অর্জনই সম্মানের। শিক্ষা ক্ষেত্রে এ অর্জন আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এই পুরষ্কার আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমার কাজের মধ্য দিয়ে শ্রেষ্ঠত্বের এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।

এমন অর্জনে খুশি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরব আলী। তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের শিক্ষক রিকন চন্দ্র দাশ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তাকে অভিনন্দন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কার্যালয় থেকে নির্বাচন করা হয়ে থাকে। যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.