Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল উপজেলায় ৩ পদে ১০ জনের মনোনয়ন দাখিল

সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল |  ০৩ মে, ২০২৪

৪ চেয়ারম্যান প্রার্থী

তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন এবং ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাদের প্রার্থিতা অনলাইনে বৃহস্পতিবার (২ মে) দাখিল করেছেন।

চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, তিনি কাপ-পিরিচ প্রতীক চেয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আছকির মিয়া, তিনি মোটরসাইকেল প্রতীক চেয়েছেন; উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আফজল হক, তিনি ঘোড়া প্রতীক চেয়েছেন ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, তিনি আনারস প্রতীক চেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এম এ নোমানী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সদস্য মিতালী দত্ত, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন আহমেদের স্ত্রী হাজেরা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ৫ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে, প্রার্থিতা প্রত্যাহার ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে ও ভোটগ্রহণ ২৯ মে অনুষ্ঠিত হবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো. আতাউল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.