Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

জৈন্তাপুর প্রতিনিধি |  ১১ মে, ২০২৪

আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে সেলাই মেশিন প্রতীকের প্রার্থী, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১০ মে) রাত ৮টায় জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী, আজীবনের জন্য বহিষ্কার বিএনপির সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান শুভেচ্ছা বিনিময়ে স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আগামী ২১ মে উপজেলাবাসীর ভোটে আমি নির্বাচিত হলে স্বচ্ছতা-জবাবদিহিতার মাধ্যমে জনসাধারণের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করে জৈন্তাপুরবাসীকে একটি নান্দনিক ও মডেল উপজেলা উপহার দেব।

তিনি বলেন, আমি করোনা-বন্যাসহ সকল দূর্যোগের সময় জৈন্তাপুরবাসীর পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও পাশে থাকব। আমি বিগত সময় চেষ্টা করেছি আমার অবস্থান থেকে জনগণের কল্যাণে কাজ করতে। উপজেলা থেকে পাওয়া প্রকল্প সাধ্য মত উন্নয়ন কাজে বরাদ্ধ দিয়েছি। সকলের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলাকে একটি মর্যাদার আসনে তুলে ধরতে আমি চেষ্টা চালিয়ে যাব।

এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের পরিচালনায় শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সহ-সভাপতি সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, অর্থ সম্পাদক মীর মো: সুয়েব আহমদ, নির্বাহী সদস্য সাবেক সেক্রেটারী আবুল হোসেন মো: হানিফ, সদস্য মো: শোয়েব উদ্দিন, সালমান শাহ, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ইউসুফুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.