Sylhet Today 24 PRINT

এসএসসিতে অকৃতকার্য হয়ে কিশোরীর আত্মহনন, আরও দুই কিশোরীর বিষপান

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ মে, ২০২৪

হবিগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক কিশোরী বিষ পান করে আত্মহত্যা করেছে।

একই কারণে পৃথক ঘটনায় বিষ পান করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি আছেন আরও দুই কিশোর।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক বিভারবী দাস জানান, রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার পর বিষ পান করার ঘটনায় তিন কিশোর-কিশোরীকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

এর মধ্যে মাইশা আক্তার (১৭) নামে এক কিশোরীকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। আর অপর দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাইশা আক্তার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আদমপুর গ্রামের মজিদ মিয়ার মেয়ে। স্থানীয় দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী দুই বিষয়ে ফেল করেছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

হাসপাতালে চিকিৎসাধীন আরেক কিশোর শুভ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে একটি বিষয়ে ফেল করেছেন।

অপরদিকে, বাহুবল উপজেলার মহব্বতপুর গ্রামের কিশোর মেহেদী হাসান স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়। সে একটি বিষয়ে ফেল করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বিষ পান করে হাসপাতালে এক কিশোরীর মৃত্যু হওয়ার কথা জেনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকলে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.