Sylhet Today 24 PRINT

ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে নানা ব্যবস্থা নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ মে, ২০২৪

কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কৃষক অ্যাপসহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।

তিনি বলেন, “এ ছাড়া কৃষি উপকরণ বিতরণ, সার, বীজসহ নানাভাবে কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার। ”

রোববার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই এবং উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রান্তিক কৃষকরা যদি অধিক মূল্য না পায় তারা উৎসাহ হারিয়ে ফেলবে। এতে দেশে অধিক ফসল ফলানো না হলে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে।”

মন্ত্রী বলেন, “আগে কৃষকরা রাস্তাঘাটে স্লোগান দিতেন, ‘মানি না মানবো না’। এখন আর কেউ স্লোগান দেন না। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ সরকার এই নীতি গ্রহণ করায় কৃষকরা এখন লাভবান হচ্ছেন।”

এ সময় হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আকতার, হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.