Sylhet Today 24 PRINT

বড়লেখায় পৌর শহর থেকে দিনে দুপুরে প্রবাসীর মোটরসাইকেল চুরি

বড়লেখা প্রতিনিধি |  ১৪ মে, ২০২৪

বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনির কলেজ রোডের প্রফেসর বিল্ডিংয়ের নিচ থেকে রোববার দিনে দুপুরে কাতার প্রবাসীর প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের পালসার মোটরসাইকেল চুরি হয়েছে। এব্যাপারে ভোক্তভোগি প্রবাসী থানায় অভিযোগ করেছেন।

বড়লেখায় দিনে-দুপুরে বাসার গ্যারেজ থেকে প্রকাশ্যে প্রবাসীর মোটরসাইকেল চুরির ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ-আতংক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়খলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কাতার প্রবাসী তাহের আহমদ ইমন (২৪) এর পরিবার বড়লেখায় উত্তর চৌমুহনীর কলেজ রোডের প্রফেসর বিল্ডিংয়ে ভাড়া বাসায় বসবাস করেন। সম্প্রতি তাহের আহমদ ইমন দেশে এসে প্রফেসর বিল্ডিংয়ের বাসায় পরিবারের সাথে থাকছেন। তার মালিকানাধীন একটি পালসার মোটরসাইকেল (মৌলভীবাজার ল-১১-০৮৫১) রয়েছে। প্রতিদিনের মতো গত ১১ মে রাত অনুমানিক ১২ ঘটিকার সময় উক্ত মোটর সাইকেলটি বাসার নিচ তলার গ্যারেজে রেখে নিজ বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ১২ মে রোববার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হতে গিয়ে দেখেন গ্যারেজের মধ্যে মোটরসাইকেলটি নেই। কে বা কারা তার পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

ভোক্তভোগি প্রবাসী তাহের আহমদ ইমন জানান, গ্যারেজে মোটরসাইকেলটি না পেয়ে বাসার নিচের সিসি ক্যামেরার ফোটেজ দেখা শুরু করেন। সেখানে দেখা যায় ১২ মে বেলা ১১.৪৯ মিনিটের সময় অজ্ঞাতনামা চোর গ্যারেজ হতে আমার মোটর সাইকেলটি নিয়ে যাচ্ছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজসহ তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ভিডিও ফোটেজ পর্যালোচনা করলে মোটর সাইকেল চোর সনাক্ত ও গ্রেপ্তার করতে পারবে। ঘটনার একদিন অতিবাহিত হলেও চোর সনাক্ত ও মোটারসাইকেল উদ্ধার হয়নি।

মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, চোর সনাক্ত ও মোটারসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।

এদিকে এরআগে গত ৯ এপ্রিল রাতে বড়লেখা পৌর শহর থেকে দক্ষিণগুল চা বাগানের ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান মাসুমের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.