Sylhet Today 24 PRINT

চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতার হামলা, উপশহরে ব্যবসায়ীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ জানুয়ারী, ২০১৬

সিলেট নগরীর উপশহরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ। চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক জাকারিয়া মাহমুদ সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী গ্রুপের নেতা।

এই হামলার প্রতিবাদে আজ দুপুরে স্থানীয় ব্যবসায়ীরা উপশহর-শিবগঞ্জ ও উপশহর-মেন্দিবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

জানা যায়, বেলা ২টার দিকে উপশহর বি ব্লক মসজিদ মার্কেটের আল বারাকা টেলিকমে হামলা চালায় ছাত্রলীগ ক্যাডাররা। এর পরপরই সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, হামলার খবর পেয়ে জাকারিয়া মাহমুদকে আটক করতে পুলিশ শিবগঞ্জ সোনারপাড়া এলাকায় তার বাসায় অভিযান চালিয়েছে, তবে তাকে খোঁজে পাওয়া যায়নি।

এদিকে, ব্যবসায়ীরা উপশহর সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিকেলে জাকারিয়া মাহমুদকে গ্রেফতারে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ প্রায়ই এই এলাকার ব্যবস্থা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করেন। এর আগে চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন উপশহরের ব্যবসায়ীরা।

হামলার শিকার আল বারাকা টেলিকমের সত্ত্বাধিকারী জাকির আহমদ বলেন, কয়েকদিন আগে ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। রবিবার সকালে এসে সে আবার চাঁদা দাবি করে।

চাঁদা না পেয়ে বেলা ২টার দিকে দলবল নিয়ে জাকারিয়া তার দোকানে হামলা ও ভাঙচুর চালায়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.