Sylhet Today 24 PRINT

বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ অমানবিক: সিলেটে আইজিপি

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০২৪

বিচারের আগে মিডিয়া ট্রায়ালকে অমানবিক বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ আইনত বন্ধ থাকার কথা থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি। তবে এখন আগের চেয়ে অনেক কম হচ্ছে। বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ অমানবিক। তারপরও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আটক বা অভিযানের বিষয়গুলো এখনো ছড়িয়ে পড়ে। বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ পুরোপুরি বন্ধ করতে উদ্যোগ নেওয়া হবে।

রোববার (১৯ মে) সকালে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইজিপি এ সব কথা বলেন।

এর আগে পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও কনফারেন্স রুম উদ্বোধন করেন।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করছে। বর্তমানে দেশে সব ধরনের জঙ্গি ও সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশ পুলিশের অনেক অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এখন কোনো কিছু ঘটার আগেই পুলিশ তথ্য জেনে যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.