জৈন্তাপুর প্রতিনিধি | ১৯ মে, ২০২৪
জৈন্তাপুরে উপজেলা পরিষদর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ মে) সন্ধ্যার সময় উপজেলা সদরের শহিদ মিনারে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত ও জনসাধারণের পথ আটকিয়ে জনসভা করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা সানিয়ার নেতৃত্বাধীন মোবাইল কোর্ট তাকে অর্থদণ্ড দেন। সেই সাথে তার সমর্থনে আয়োজিত জনসভাও বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জৈন্তাপুর ফেসবুক আইডি থেকে জানা যায়, জৈন্তাপুর বাজার এলাকায় উপজেলা নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি নিশ্চিতকরণে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এসময় যথাযথ কর্তৃপক্ষের নিকট পূর্বানুমতি ব্যতীত ও জনসাধারণের পথ আটকিয়ে সভা করায় অভিযুক্ত ব্যক্তিকে ৩০০০০/-(ত্রিশ হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়। সেই সাথে প্রার্থীদের আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচারণা করার নির্দেশনা প্রদান করা হয়।
এবিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়ার সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সকলকে বিধি ও নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।