Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে উপজেলা নির্বাচনে ভোটারদের খরা

জৈন্তাপুর প্রতিনিধি |  ২১ মে, ২০২৪

জৈন্তাপুর উপজেলায় দ্বিতীয় দফা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। তবে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রগুলোতে ৪ ঘণ্টা পেরুলেও ভোটার উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে। কোনো কোনো কেন্দ্র এখনো ভোটারশূন্য।

সরেজমিনে দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা যায়, ওই সকল ভোটকেন্দ্র শুধু পুলিশ ও আনসার সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারা বসে আছেন। কোনো ভোটার নেই। ভোটারদের আনাগোনা একেবারেই কম রয়েছে উপজেলার মাওলানা আব্দুল লতিফ-জুলেখা গার্লস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, অন্যান্য কেন্দ্রও একই অবস্থা।

ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ও কেন্দ্রগুলোর দূরত্ব বেশি হওয়ায় ভোটার উপস্থিত কম। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন।

এদিকে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশসহ বিশেষ বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে।

জৈন্তাপুর উপজেলায় ১ লক্ষ ৩৪ হাজার ৬শ ১১ জন। যাদের মধ্যে ৬৪ হাজার ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এ উপজেলায় ৪৬টি ভোট কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ১ জন করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৩১১ ও পোলিং অফিসার ৬২২ জন নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.