তাহিরপুর প্রতিনিধি | ২১ মে, ২০২৪
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন ১০২ বয়সী বৃদ্ধা আজিজুন নেছা।
সোমবার (২১ মে) সকাল পৌনে দশটায় দিকে ভোট দিতে আসেন ছেলে শফিক নুরের কাঁধে ভর দিয়ে।
তিনি বয়সের ভারে চলতে ও কথা বেশি বলতে না পারলেও পছন্দের প্রার্থীকে ভোট দিতে এলে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও প্রিজাইডিং অফিসার ডা. হাবিবুর রহমান এগিয়ে এসে ভোটকেন্দ্রের ভেতরে নিয়ে যান এবং বৃদ্ধাকে ভোট দিতে সহযোগিতা করেন।
এসময় তার ছেলে জানান, বয়স বেশি হওয়ার কারণে চলতে পারেন না মা। তাই দুই জনে ধরে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। ভোটও দিয়েছেন মা।
দক্ষিণকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার ডা. হাবিবুর রহমান জানান, ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সকাল থেকে শুরু হয়েছে। ১০টা পর্যন্ত ১৭৭টি ভোট পড়েছে। ভোটার উপস্থিত ভাল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল পৌনে ১০টার দিকে ১০২ বছর বয়সী বৃদ্ধা আজিজুন নেছা ভোট দিতে ছেলের কাঁধে ভর করে এসেছেন।