সুনামগঞ্জ প্রতিনিধি | ২২ মে, ২০২৪
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালামকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
বুধবার (২২ মে) শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজিজুস সামাদ ডনের জগন্নাথপুর পৌর শহরের বাসভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি তাকে সমর্থন দেন।
এসময় উপস্থিত শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম বলেন, আমাদের সকলের নেতা মরহুম আব্দুস সামাদ আজাদের কাছে আমি চিরঋণী। আমার রাজনীতি, ব্যবসা, সামাজিক অবস্থানের পেছনে তাঁর অবদান কোনোদিন ভুলতে পারবো না। আজ থেকে আমরা এক সাথে চলতে চাই। নেতাকর্মীদের আগামীতে আজিজুস সামাদ আজাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
আজিজুস সামাদ আজাদ ডন বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি তাদের সবাইকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মানতে হবে। যারা এবার অমান্য করছেন তাদের শাস্তি পেতেই হবে। উত্তরাধিকার রাজনীতিতে আসুক- সবাই চায় কিন্তু আগে জয় বাংলা স্লোগান শিখতে হবে, রাস্তায় হাঁটতে হবে, জনসমর্থন আদায় করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রশীদ ভুইয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম, পূর্বপাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিদুর রহমান মধু প্রমুখ।