Sylhet Today 24 PRINT

শিশুসন্তানকে হত্যার অভিযোগে বাবা-মা গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৩ মে, ২০২৪

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশু সন্তানকে (২) বিষ খাইয়ে হত্যার অভিযোগে শিশুর বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ মে) রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রামে অভিযান পরিচালনা করে শিশুর বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগমকে গ্রেপ্তার করা হয়।

থানা সুত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে পড়ে।

গত ১৭ মে শুক্রবার বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, থানায় অভিযোগ পর থেকেই পুলিশ মৃত শিশুর মা-বাবাকে গ্রেপ্তারে কাজ শুরু করে। গোপন তথ্য এবং প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হবিগঞ্জ সদর থানার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাবা মা তাদের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.