Sylhet Today 24 PRINT

ঢাকঢোল পিটিয়ে বিয়ে করছেন আসামি, তবু খোঁজে পাচ্ছে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মে, ২০২৪

ঢাকঢোল পিটিয়ে বিয়ের আয়োজন চলছে। বিয়েতে বরকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে বিশাল তোরণ। সোমবার দুপুরে বিশাল বহর নিয়ে বিয়ে করতে কনের বাড়ি গেছেন বর। তার আগে রোববার রাতে তার নিজ বাড়িতে হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান।

এই বিয়ের বর জসিম উদ্দিন একটি মামলার আসামি। পুলিশের খাতায় পলাতক। তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। অথচ নিজ বাড়িতে জাঁকজমক করে বিয়ের আয়োজন করেছেন।

এমন ঘটনা ঘটেছে সিলেটের জালালাবাদ থানাধীন মানসীনগর গ্রামে।

জানা যায়, গত ১৭ মে মানসীনগর গ্রামে একটি সালিশ বৈঠককে ঘিরে দুপক্ষের মারামারি হয়। এ মারামারির ঘটনায় একই গ্রামের সৈয়দ মিয়া বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা করেন। মামলায় ২২ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়। জসিম উদ্দিন এই মামলার ১৮ নং আসামি। সোমবার তিনি বিয়ে করছেন।

এই মামলার বাদী সৈয়দ মিয়া অভিযোগ করে বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এরমধ্যে আজ এক আসামির বিয়ে করছেন। কাল থেকে তার বাড়িতে ঢাকঢোল বাজিয়ে বিয়ের আয়োজন চলছে। অন্যান্য আসামিরাও সেখানে জড়ো হয়েছেন। বিষয়টি একাধিকবার পুলিশকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, আসামির বিয়ের বিষয়টি গত রাতে আমি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটনকে জানাই। এরপর থেকেই তার ফোন বন্ধ পাই। আজ দুপুরে আসামি বর যাত্রী নিয়ে কনের বাড়ি চলে যাওয়ার পর তদন্তকারী কর্মকর্তা আমাকে ফোন দিয়ে জানান, তিনি আসামিকে ধরতে অভিযানে যাচ্ছেন।

তবে এমন অভিযোগ অস্বীকার করে জালালাবাদ থানার এসআই লিটন বলেন, মামলা দায়েরের পর আসামিদের ধরতে একাধিকবার অভিযান চালিয়েছি। কিন্তু তাদের পাইনি। এক আসামির বিয়ের খবর শুনে আজকেও অভিযানে গিয়ে তাকে পাইনি। রাতে আবার অভিযানে যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.